রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, রাজনৈতিক মহলে জোর আলোচনা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে চলছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে।
সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে বলে আলোচনা রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি নিয়েও বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
এ বিষয়ে অবগত একটি সূত্র জানায়, রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।
বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি তাঁর অধস্তন কর্মকর্তাদের কাছে শিগগিরই বঙ্গভবন ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকতে পারেন এবং প্রয়োজন হলে চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন।
এদিকে, সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী একজন সচিবের নাম নতুন করে আলোচনায় এসেছে। এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ আরও কয়েকজনের নাম আলোচনায় ছিল।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।