জাতিসংঘে সহযোগিতা, রোহিঙ্গা সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব
সাইফুল ইসলাম, ফ্রান্স
২৭ নভেম্বর ২০২৬
প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাতিসংঘে সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে।
বৈঠকে জাতিসংঘে কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলায় দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার অঙ্গীকার নিয়ে আলোচনা হয়।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে গুরুতর অপরাধ ও মানবিক সংকটের ক্ষেত্রে আন্তর্জাতিক পদক্ষেপ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও আলোচনায় স্থান পায়।
বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন দুই মন্ত্রী। বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি গুরুত্ব পায়।
মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসন এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের দায়িত্ব পালনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
ছবির ক্যাপশান:
প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।