
সাইফুল ইসলাম । প্যারিস। ১৪ আগষ্ট ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে ‘রিমেম্বারিং জুলাই হিরোজ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্যারিসের দশম অ্যারোন্ডিসমেন্টের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য তাওহিদা বেগম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর এবং এনসিপি গ্লোবাল ডায়াসপোরা অ্যালায়েন্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলাউদ্দিন মোহাম্মদ। সভায় জুলাই আন্দোলনের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সাবন্তি এবং গুম ও আয়নাঘরের ভুক্তভোগী মসরুর আনোয়ার চৌধুরী ভার্চুয়ালি বক্তব্য দেন।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লব জনতা সম্পন্ন করতে বাধ্য হবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপি সরকার গণভোটের রায় অস্বীকার করেছে। এর ফলে তাদের ওপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসীরা বিপুল সংখ্যায় ১১-দলীয় জোটকে ভোট দেওয়ায় বিএনপি সরকার প্রবাসীদের ভয় পাচ্ছে। আমরা জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকারের দাবি করছি। সম্প্রতি বিএনপির সদ্য বিদায়ী মহাসচিবের রংপুর বিভাগ নিয়ে দেওয়া বক্তব্যেও এমন চিত্র উঠে এসেছে।
তিনি বলেন, জাতি পুনর্গঠনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি। জুলাইয়ে মানুষ বড় স্বপ্ন দেখেছিল। শুধু সরকার পরিবর্তন কারও উদ্দেশ্য ছিল না। আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ছাড়া জুলাই সফল হবে না। তিনি আরও বলেন, অর্থনীতিকে ফ্যাসিবাদের আমলের ধারাবাহিকতায় আবারও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দরকার।
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, আমরা এক কোটি প্রবাসী বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। আমাদের দেশমাতৃকার জন্য দায়িত্ব রয়েছে। জুলাই আমাদের দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়।
অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি ফ্রান্স শাখার সদস্য ডা. মাজহারুল তালুকদার, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইমাদ উদ্দিন, সাকিব হোসেন ইবন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, অ্যাক্টিভিস্ট ওয়াদুদ তানভীর, আবু হুরাইরা, আবদুল্লাহ আফ্রিদ এবং ইকরামুল কবির সালমানসহ আরও অনেকে।