
ডেক্স রিপোর্ট। লিসবন। ২৬ আগস্ট ২০২৬
পর্তুগালে অ্যাপভিত্তিক যাত্রী পরিবহন (TVDE) খাতে নতুন আইন আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হচ্ছে। নতুন আইনের মাধ্যমে ২০১৮ সালের বিদ্যমান আইন সংশোধন করা হয়েছে এবং এই খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
নতুন আইনে TVDE-এর পূর্ণ নাম পরিবর্তন করে “Paid Passenger Transport in Electronically Available Vehicles” রাখা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ট্যাক্সি গাড়িকেও TVDE সেবায় যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে পরিবহন খাতে বিতর্ক সৃষ্টি হয়েছে।
আইন অনুযায়ী, TVDE যানবাহনে এখন থেকে জালিয়াতি প্রতিরোধী নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত স্থায়ী পরিচয় স্টিকার ব্যবহার বাধ্যতামূলক হবে। এছাড়া গাড়ির ভেতরে ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ রাখা হলেও তা শুধুমাত্র চালক ও যাত্রীর স্পষ্ট সম্মতিতে করা যাবে এবং কোনো অবস্থাতেই অডিও রেকর্ড করা যাবে না।
নতুন চালকদের জন্য ন্যূনতম ৫০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩০ নম্বরের পরীক্ষায় অন্তত ২৭টি সঠিক উত্তর দিতে হবে। এছাড়া চালকদের পর্তুগিজ ভাষায় কার্যকর যোগাযোগের সক্ষমতাও যাচাই করা হবে।
আইনে আরও বলা হয়েছে, IMT একটি কেন্দ্রীয় তথ্য আদান-প্রদান প্ল্যাটফর্ম পরিচালনা করবে, যার মাধ্যমে চালক, যানবাহন, লাইসেন্স, বীমা ও কর-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ভাগাভাগি করা হবে। এর লক্ষ্য হলো অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং আইন বাস্তবায়ন জোরদার করা।
এছাড়া নতুন আইনে TVDE গাড়িতে বিজ্ঞাপন প্রদর্শনের ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে, নতুন ভাড়া কাঠামো ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।
সূত্র: The Portugal News (TPN) ও Lusa News Agency।