
ডেক্স রির্পোট
প্যারিস, ফ্রান্স | ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারে একটি ধর্মীয় প্রতিনিধি দলের সফরকে কেন্দ্র করে নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আইফেল টাওয়ার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হিন্দু ধর্মীয় সংগঠন বিএপিএস (BAPS)-এর একটি প্রতিনিধি দলের ব্যক্তিগত সফরের সময় নারী কর্মীদের কয়েকটি দায়িত্বপূর্ণ স্থান থেকে সরিয়ে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়ার অভিযোগ ওঠে।
আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান SETE স্বীকার করেছে, প্রতিনিধি দলের পক্ষ থেকে নারীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার অনুরোধ করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের শর্ত গ্রহণ করা উচিত হয়নি।
ঘটনার প্রতিবাদে আইফেল টাওয়ারের কর্মীরা ধর্মঘটে গেলে সোমবার দর্শনার্থীদের জন্য স্থাপনাটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আইফেল টাওয়ার আবার খুলে দেওয়া হয়।
ঘটনাটি ফ্রান্সে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতা নারী-পুরুষের সমতার নীতির কথা উল্লেখ করে ঘটনার সমালোচনা করেছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে তদন্তের কথাও জানানো হয়েছে।
এদিকে বিএপিএসের পক্ষ থেকে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তাদের জানা মতে আইফেল টাওয়ারে কারও প্রবেশাধিকার অস্বীকার করা হয়নি।
বিএপিএস বা Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha একটি আন্তর্জাতিক হিন্দু আধ্যাত্মিক সংগঠন, যার বিভিন্ন দেশে মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। সংগঠনটির সন্ন্যাসীরা কঠোর ব্রহ্মচর্য পালন করেন এবং নারীদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ এড়িয়ে চলার ধর্মীয় বিধি অনুসরণ করেন।